[otw_shortcode_info_box border_type=”bordered” border_color_class=”otw-red-border” border_style=”bordered” shadow=”shadow-inner” rounded_corners=”rounded-10″]দ্বিপদ নাম: Ocyceros birostris সমনাম: Berceros birostris Scopoli, 1786 বাংলা নাম: দেশি মেটেধনেশ, পুটিয়াল ধনেশ (আলী) ইংরেজি নাম: Indian Grey Hornbill. জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্যKingdom: Animalia বিভাগ/Phylum: Chordata শ্রেণী/Class: Aves পরিবার/Family: Bucerotidae গণ/Genus: Ocyceros, Hume, 1873; প্রজাতি/Species: Ocyceros birostris (Scopoli, 1786)[/otw_shortcode_info_box]
ভূমিকা: বাংলাদেশের পাখির তালিকায় Ocyceros গণে বাংলাদেশে রয়েছে এর ১টি প্রজাতি এবং পৃথিবীতে ৩টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত এবং আমাদের আলোচ্য প্রজাতিটির নাম হচ্ছে দেশি মেটেধনেশ।
বর্ণনা: দেশি মেটেধনেশ বা পুটিয়াল ধনেশ হচ্ছে ধূসর রঙের বৃক্ষচারী পাখি (দৈর্ঘ্য ৬১ সেমি, ডানা ২১.২ সেমি, ঠোঁট ৪.৭ সেমি, পা ৪.৪ সেমি, লেজ ২৬.৫ সেমি)। ছেলেপাখির পিঠ ফ্যাকাসে বালুকাময় বাদামি-ধূসর ও দেহতল কালচে ধূসর; প্রাথমিক ও মাধ্যমিক পালকের আগা সাদা; লম্বা সাদা-ও-কালো বর্ণবিন্যাসের লেজটি ক্রমান্বয়ে সজ্জিত; ভ্রু প্রশস্ত সাদা ও কান-ঢাকনি কালচে ধূসর। এর লম্বা বাঁকা ঠোঁটের ওপর সরু ও সুচালো ‘শিঙ’ রয়েছে; ঠোঁটের গোড়া ও শিরস্ত্রাণ স্লেট-কালো; ঠোঁটের আগা ও নিচের ঠোঁটের অধিকাংশ অংশ হালকা পীত বা মোম-হলুদ; মুখের তালু ফ্যাকাসে; পা ও পায়ের পাতা ফ্যাকাসে থেকে স্লেট-কালো এবং নখর কালো। মেয়েপাখির ‘শিঙ’ ছোট ও ঠোঁটের অস্পষ্ট আগা ছাড়া দেখতে ছেলেপাখির মত। তরুণ পাখির শিঙহীন ঠোঁট হলুদ।
স্বভাব: দেশি মেটেধনেশ শুষ্ক বনভূমি, ফলের বাগান ও কুঞ্জবন এবং বট, পিপুল, আম ও তেঁতুলগাছে বিচরণ করে; জোড়ায় অথবা ৫-৬টির ছোট দলে দেখা যায়; প্রায়ই ময়না, হরিয়াল, বুলবুল ও অন্য ফলাহারী পাখির মিশ্র দলে থাকে। খাদ্য সংগ্রহের সময় এরা লেজ খাড়া করে রাখে; খাদ্যতালিকায় রয়েছে ফল, ফুলের পাপড়ি, গুবরে পোকা, ফড়িং, ম্যানটিস, বোলতা, টিকটিকি, ইদুর ও অন্য ছোট প্রাণী। পারস্পরিক যোগাযোগের জন্য এরা ডাকে: চী-ওওউউ..; এবং নিজ এলাকা প্রতিরক্ষার জন্য উচ্চ কর্কশ স্বরে ডাকে: কে-কে-কা-ই..। মার্চ-জুন মাসের প্রজনন ঋতুতে গাছের কাণ্ডের প্রাকৃতিক ফাটলে বাসা বেঁধে এরা ডিম পাড়ে। ডিমগুলো অনুজ্জ্বল সাদা, ফোঁটার সময় মলিন দেখা যায়, সংখ্যায় ২-৪টি , মাপ ৪.১×৩.০ সেমি।
বিস্তৃতি: দেশি মেটেধনেশ বাংলাদেশের প্রাক্তন আবাসিক পাখি; রাজশাহী বিভাগের পশ্চিমাঞ্চলের গ্রামীণ কুঞ্জ বনে দেখা যেত, এখন নেই। এখন ভারত, পাকিস্তান ও নেপালসহ দক্ষিণ এশিয়ায় এর বৈশ্বিক বিস্তৃতি সীমাবদ্ধ আছে।
অবস্থা: দেশি মেটেধনেশ বিশ্বে বিপদমুক্ত এবং বাংলাদেশে মহাবিপন্ন বলে বিবেচিত। বিগত তিন প্রজন্ম ধরে এদের সংখ্যা কমেছে, তবে দুনিয়ায় এখন ১০,০০০-এর অধিক পূর্ণবয়স্ক পাখি আছে, তাই এখনও আশঙ্কাজনক পর্যায়ে এই প্রজাতি পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত (Least Concern LC) বলে ঘোষণা করেছে।[২] বাংলাদেশের ১৯৭৪[১] ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এই দেশি মেটেধনেশকে সংরক্ষিত ঘোষণা করা হয় নি।[৩]
তথ্যসূত্র:
১. ইনাম আল হক ও এম. কামরজ্জামান, (আগস্ট ২০০৯)। “পাখি”। আহমাদ, মোনাওয়ার; কবির, হুমায়ুন, সৈয়দ মোহাম্মদ; আহমদ, আবু তৈয়ব আবু। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ২৬ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা – ৫১। আইএসবিএন 984-30000-0286-0।
২. “Ocyceros birostris“, http://www.iucnredlist.org/details/22682429/0, The IUCN Red List of Threatened Species। সংগ্রহের তারিখ: ৫ সেপ্টেম্বর ২০১৮।
৩. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা-১১৮৪৫৩।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।