এক বাও মেলে না, দুই বাও মেলে না;
সত্য খুঁজে ফিরি আমি রাজপথে আহত শ্রমিক
নদীর বহুল নিচে বাস করে সত্যের চকমকি রূপ;
শ্রমমুক্তির ইশতেহার জানায় বহুমুখী কাজের হিসাব
তালপাতার পুঁথি আর ই-বইয়ের কারুকাজ এঁকে চলে
সবহারার ফুলবাগানে একঝাঁক কল্পগোলাপের তোড়া।
এইপথে শ্রমিকের ক্রমমুক্তি হলে সুরমা-মেঘনা-যমুনার জলে
বানাবো সাধ্যের সবটুকু শক্তি দিয়ে সত্যের সাহসী সাম্পান।
২৮ আগস্ট ২০১৩; চৌরঙ্গী মোড়, ময়মনসিংহ, বাংলাদেশ।
ভাস্কর্যটির বিষয়েঃ রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত সমাজতান্ত্রিক বাস্তববাদ নির্ভর আলেকজান্ডার পানুই নির্মিত একটি ভাস্কর্য।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।