হাঁটছিলাম কজন তরুণ অন্ধবদ্ধ রাতে
টর্চলাইট হাতে কেউ ডাকলো ইশারাতে,
বললো ডেকে, চলেছো কোথায়, সংগে নেবে আমায়,
আমরা বললাম, রাত-বিরেতে যোদ্ধা হতে চাই
সংগে আলো, ভালোই হলো তুমি কি শিকারি
হাতটা ধরো বুদ্ধি করো হয়েছে মাঠ তৈরি,
বাঁশবাগানে আছেরে ভুত, ভাবনা গোলমেলে
শত্রুপক্ষের চোরারা গেছে ভিন দেশির কোলে
শ্রমিক-কৃষক এগোচ্ছে পথ, ছুটছে হাজার ঘরে
আমরা খুঁজি, আমরা মরি, আমরা যাচ্ছি লড়ে।
বনবিড়ালের চোখের ঠমক ভেবেছিলাম আলো
কাঠবিড়ালির আদুরে নাচ লেগেছে কারো ভালো
শুধু কয়জন দেখেনি চোখে, মেঘের ফাঁকে ফাঁকে
বাস্তুহারা মানুষগুলো কোন কোটরে থাকে
আসছে ধীরে আকাশ চিরে হালকা চাঁদের আলো
সেই আলোই আমার-তোমার পথের বন্ধু ছিলো।
৮ জুলাই, ২০০৪
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।