জিডাই নদী (ইংরেজি: Jidai River) বাংলাদেশের নেত্রকোনা জেলার সদর উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১২-১৩ কিলোমিটার এবং প্রকৃতি সর্পিলাকার।
জিডাই নদীর নেত্রকোনা জেলার সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের পলাশহাটি অঞ্চলের জলাভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। কিছুদূর অগ্রসর হয়ে নদীটি মহিষাটি বাজারের দক্ষিণে সুরিয়া নদীর থেকে প্রবাহ গ্রহণ করে। অতপর নদীটি দক্ষিণদিকে কিছুটা অগ্রসর হয় এবং পরে পূর্ব-উত্তর মুখে নন্দীপুর, ঢুলিগাতী, জয়শিদ গ্রাম পেরিয়ে তিয়শ্রী গ্রামে সাইদুলি নদীতে পতিত হয়।
নদীতে সারা বছর স্বল্প পানি প্রবাহ থাকে, তবে বর্ষা মৌসুমে যথেষ্ট পানি প্রবাহিত হয়। নদীটি বন্যাপ্রবণ বা ভাঙনপ্রবণ নয় এবং শুকনো মৌসুমে নদীটির বিশাল এলাকা শুকিয়ে যায়।
জিডাই নদীটির পতিতমুখ বা মোহনা হচ্ছে সাইদুলি নদী। মোহনার কাছে নদীটি অতিক্রম করেছে নেত্রকোনা-কেন্দুয়া জেলা সড়ক বা Z3706 সড়ক। নদীর তীরে মদনপুর শাহ সুলতান উচ্চ বিদ্যালয় অবস্থিত। এই নদী অববাহিকায় কোনো সেচ প্রকল্প নেই। এই নদীতে কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই।
আলোকচিত্রের ইতিহাস: তিয়শ্রী অঞ্চলের নেত্রকোনা-কেন্দুয়া জেলা সড়কের সাঁকোর উপর থেকে এই নদীর আলোকচিত্রটি গ্রহণ করেছেন অনুপ সাদি ১৬ ডিসেম্বর ২০২২ তারিখে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।