সেনুয়া নদী বা সিনুয়া নদী (ইংরেজি: Senua River) বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৫ কিলোমিটার, প্রস্থ ২০ মিটার এবং গভীরতা সাড়ে ৩ মিটার। সেনুয়া নদীর অববাহিকার আয়তন ৬০ কিলোমিটার। নদীটিতে জোয়ার ভাঁটার প্রভাব থাকে না।
সেনুয়া নদী প্রবাহ:
সেনুয়া নদী ঠাকুরগাঁও সদর উপজেলার দরাজগাঁও মৌজার নিম্নভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। অতপর নদীটি সালন্দর ইউনিয়নের বরুণাগাও-তে এসে চারালবোন নদীর প্রবাহ গ্রহণ করেছে। নদীটি আরো দুই কিলোমিটার মতো প্রবাহিত হয়ে একই উপজেলার টাঙ্গন নদীতে পতিত হয়েছে। এই নদীতে সারা বছর পানি প্রবাহ থাকে, তবে এপ্রিল মাসে প্রবাহ কম থাকে।
সেনুয়া নদীতে এপ্রিল মাসে প্রবাহের পরিমাণ কমে ১ ঘনমিটার/সেকেন্ড হয়। জুলাই-আগস্ট মাসে পানি প্রবাহের পরিমাণ থাকে ৪ ঘনমিটার/সেকেন্ড। এই সময় নদীতে পানির গভীরতা থাকে সাড়ে ৩ মিটার। কম প্রবাহের সময় এই পানির গভীরতা দেড় মিটারে নেমে যায়।
সেনুয়া নদীর অন্যান্য তথ্য
সেনুয়া নদীর তীরে ঠাকুরগাঁও পৌরসভা অবস্থিত। এই নদীর ভুল্লকাবাড়ি সেতু ১টি এবং ঠাকুরগাঁও কাবাড়ি রাস্তায় একটি সেতু আছে।
সেনুয়া নদীর অববাহিকা অঞ্চল বেশ উর্বর। তাই নদীর দুই তীরে প্রচুর সবজি চাষ হয়। পানি উন্নয়ন বোর্ডের একটি ছোট সেচ প্রকল্প রয়েছে সেনুয়ার গতিপথে সালন্দর এলাকায়।
আলোকচিত্রের ইতিহাস: সেনুয়া নদীটির এই আলোকচিত্রটি তুলেছেন অনুপ সাদি ঠাকুরগাঁও সদর থেকে ২২ নভেম্বর ২০২০ তারিখে।
তথ্যসূত্র
১. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৫৩, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।