সুটকী নদী বা শুটকি নদী বা শুকনা নদী (ইংরেজি: Shutki River) বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৫-২৬ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। নদীটিতে জোয়ার ভাঁটার প্রভাব নেই।
প্রবাহ: শুঁটকি নদী বা শুকনা নদীর উৎপত্তি হয়েছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুশিয়ারা নদীর পাশের ডাকনি বিল থেকে। এই বিলের উত্তর-পূর্ব দিক দিয়ে নদীটি বেরিয়ে সালাথেকার হয়ে পূর্বে মোড় নিয়ে আহমদপুর খাল, বাকটা ঘোরা খাল হয়ে দ্বিধাবিভক্তির পর একটি পূর্বস্থ বোয়াজুর খালে পড়েছে এবং অপরটি দক্ষিণ-পশ্চিমস্থ আঁকাবাঁকা পথে দুরেংগার খাল অতিক্রমপূর্বক বানিয়াচং উপজেলা সদরকে পশ্চিমে রেখে বাবনা বিলে মোড় নিয়ে পশ্চিমস্থ জোরবিল হয়ে বাঁকা পথে অগ্রসর হয়ে প্রতাপপুরে রত্না নদীতে পড়েছে।[১]
শুকনো মৌসুমে এ নদীর পানি যত কমে এর রূপ আর গুণ ততই বাড়ে। গৃহস্থর হাতের গবাদিপশুই হোক বা জেলেদের হাতে মাছ ধরা; প্রতিদিনের জীবনধারায় এ নদী জড়িয়ে আছে নিবিড় মমতায়। তবে শুঁটকি নদীতে কোনো সাঁকো নেই, মানুষ বাঁশের ভেলায় নদী পারাপার হয়।
বিশেষ সংবাদ: হবিগঞ্জের এই নদীটিকে একটি পারিবার দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। সন্ত্রাসী আহমেদ জুলকার নাঈন এবং তার পরিবার শুধু নদীটি ভোগ-দখলই করছে না, নদীটি তাদের পারিবারিক প্রতিষ্ঠান ইয়াহিয়া ফিস ইন্ডাস্ট্রিজের কাছে লিজও দিয়েছে। অথচ বাংলাদেশে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ অনুযায়ী নদীর একক এবং একমাত্র মালিক সরকার। অবিলম্বে এই সন্ত্রাসীদের হাত থেকে নদীটিকে উদ্ধারে আহ্বান জানিয়েছেন এলাকাবাসী এবং পরিবারটির গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন।
আলোকচিত্রের ইতিহাস: শুটকি নদীটির এই আলোকচিত্রটি তুলেছেন অনিক রহমান বানিয়াচং থেকে ১৯ এপ্রিল ২০১৫ তারিখে।
তথ্যসূত্র
১. হানিফ শেখ, ড. মো. আবু (ফেব্রুয়ারি ২০১৬)। “উত্তর-পূর্বাঞ্চলীয় নদ-নদী”। বাংলাদেশের নদ-নদী ও নদী তীরবর্তী জনপদ (প্রথম সংস্করণ)। ঢাকা: অবসর প্রকাশনা সংস্থা। পৃষ্ঠা ১৭৬। আইএসবিএন 978-9848797518।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।