টিকি ওকরা এশিয়ার বর্ষজীবী বিরুৎ

টিকি ওকরা

বৈজ্ঞানিক নাম: Melochia corchorifolia L., Sp. Pl.: 675 (1753). সমনাম: Melochia concatenata L. (1753), Riedleia corchorifolia DC. (1824). ইংরেজি নাম: Chocolate-weed. স্থানীয় নাম: টিকি ওকরা।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae. বিভাগ: Angiosperms. অবিন্যাসিত: Eudicots. বর্গ: Malvales. পরিবার: Malvaceae. গণ: Melochia প্রজাতির নাম: Melochia corchorifolia

ভূমিকা: টিকি ওকরা (বৈজ্ঞানিক নাম: Melochia corchorifolia) হচ্ছে এক প্রকারের ভেষজ বীরুৎ । এই প্রজাতিটি এশিয়ার দেশে জন্মায়।

টিকি ওকরা-এর বর্ণনা:

এই প্রজাতিটি বর্ষজীবী ক্ষুদ্র বীরুৎ। উচ্চতা প্রায় ১ মিটার পর্যন্ত হয়। দেখতে কচি অংশ হালকাভাবে লোমযুক্ত, পরে মসৃণ। পাতা ৩-১০ × ১-৪ সেমি, আকৃতিতে বৈচিত্র্যপূর্ণ, ডিম্বাকার, ডিম্বাকার- বল্লমাকার, আয়তাকার-ডিম্বাকার অথবা অর্ধবর্তুলাকার, শীর্ষ সূক্ষ্মাগ্র, গোড়া স্থূলাগ্র হতে কর্তিতাগ্র, কাগজের ন্যায়, উভয় পৃষ্ঠ হালকাভাবে লোমযুক্ত পরে মসৃণ, কিনারা বরাবর অনিয়মিতভাবে দন্তকযুক্ত, গোড়া ৫-শিরাবিশিষ্ট, পত্রবৃন্তক ১.০-১.৫ সেমি লম্বা, লোমযুক্ত।

পুষ্প ঘনভাবে হেডের ন্যায় গুচ্ছাকারে বিন্যস্ত। বৃত্যংশ ৫টি, গোড়ায় সংযুক্ত, পেয়ালাকৃতি, বাইরের দিক লোমযুক্ত। পাপড়ি ৫টি, মুক্ত, বিবল্লমাকার, বৃতি খন্ডকের প্রতিমুখ। পুংকেশর ৫টি, মুক্ত, পাপড়ির গোড়ায় ভিতরের দিকে প্রসারিত, পরাগধানী বর্হিমুখী। গর্ভাশয় অবৃন্তক, ডিম্বাকার, অনুদৈর্ঘ্য বরাবর ৫ খন্ডকযুক্ত, লোমযুক্ত, গর্ভদন্ড ৫টি, লম্বা, প্রতি প্রকোষ্ঠে ডিম্বক ২টি। ফল একটি ক্যাপসিউল, উপগোলাকার অথবা অর্ধউপগোলাকার, প্রায় আড়াআড়িভাবে ৩-৫ মিমি, অনুদৈর্ঘ্য বরাবর ৫-কপাটিকাবিশিষ্ট। বীজ বাদামী, ২ মিমি লম্বা, প্রতি প্রকোষ্ঠে একটি। ক্রোমোসোম সংখ্যা : 2n = ৪৬।

আবাসস্থল ও বংশ বিস্তার:

এটি জলাভূমিতে জন্মে। ফুল ও ফল ধারণ সময় মার্চ থেকে জুন মাস পর্যন্ত। বীজ দিয়ে নতুন চারার জন্ম হয়।

বিস্তৃতি:

ভারত, চীন, মায়ানমার, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া এবং পলিনেশিয়া। বাংলাদেশে ইহা সর্বজনীন।

ব্যবহার:

মূলের নির্যাস আমাশয়ে প্রদান করা হয় এবং পানি দ্বারা তৈরী পত্রের ক্বাথ আঘাতজনিত স্ফীতিতে প্রয়োগ করা হয়। মালাবার কোষ্টে বায়বীয় অংশ তেলে সিদ্ধ করা হয় যা পানির সাপের কামড়ের খারাপ প্রভাব প্রতিরোধের জন্য ফলপ্রদ চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়।

অন্যান্য তথ্য:

বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের  ১০ম খণ্ডে (আগস্ট ২০১০) টিকি ওকরা প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের শীঘ্র কোনো সংকটের কারণ দেখা যায় না এবং বাংলাদেশে এটি আশঙ্কামুক্ত হিসেবে বিবেচিত। বাংলাদেশে টিকি ওকরা সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটির বর্তমানে সংরক্ষণের প্রয়োজন নেই।

তথ্যসূত্র:    

১. এম আহসান হাবীব (আগস্ট ২০১০) “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। খন্ড ১০ম, পৃষ্ঠা ৩৪৫। আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Dinesh Valke

Leave a Comment

error: Content is protected !!