— কী দেখতে পাচ্ছো?
— আলোর উজ্জ্বলতা?
— কী স্পর্শ করছ?
— তার মুখ; এলোমেলো দীপ্ত চিবুক,
সবুজ স্নিগ্ধ বনানি, লাস্যময় জারুল বেগুনি
শিশিরস্নাত কচুরির ফুল;
আমাদের দুজনের সময় মশগুল,
চুম্বন, উষ্ণ হার্দ্য নরম
লাজলজ্জ্বাহীন সভ্যতার সীমাহীন মনোরম
আমাদের হর্ম্য স্বাধীনতা;
প্রেমে যুদ্ধে এবং যুদ্ধোত্তর বেদনায় পাওয়া
এই ভালোবাসা,
খুঁটেখুঁটে জমানো হৃদয়ের ডাকবাক্সে
পরিত্রাণের আশা,
আপাদমস্তক পাবার প্রত্যাশা;
— আলকাতরার মতো জমাট অন্ধকার
কেটে কেটে কতোটা এগুচ্ছো?
— সামনে কাদের দেখতে পাচ্ছো?
স্বর্ণকেশী তরুণীর স্বপ্নের মতো
আলোর উজ্জ্বলতা,
কাকে কাছে ডাকছো?
কবিতার ইতিহাস: বাংলা কবিতাটি ১৮ আগস্ট ২০০৪ কাস্টম মোড়, কুষ্টিয়া, বাংলাদেশ-এ লেখা হয়।
ইংরেজি কবিতাটি পড়ুন: Kiss and freedom
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি জন উইলিয়াম ওয়াটারহাউজ (১৮৪৯-১৯১৭) আঁকা চিত্র ‘হায়লাস এবং জলপরীরা’ (Hylas and the Nymphs)। শিল্পী চিত্রটি আঁকেন ১৮৯৬ সালে। ছবিটি উপরে সামান্য ছেঁটে ব্যবহার করা হয়েছে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।