জাত বাটন- এর বিবরণ:
জাত বাটনা ছোট থেকে মাঝারি আকৃতির ডালপালা বিশিষ্ট চিরসবুজ বৃক্ষ,উচ্চতায় ২০-২৫ মিটার পর্যন্ত হয়। এদের গুঁড়ি কাণ্ড সরল, সোজা এবং গোলাকার। বাকল ধূসর-বাদামি বর্ণের এবং বাকলের উপরি ভাগ ঘনভাবে ফাটলযুক্ত। এদের পাতা সরল, আয়তাকার, লম্বায় ১২-২০ সেন্টিমিটার, পাতার উপরিপৃষ্ঠ উজ্জ্বল ও নিম্নপৃষ্ঠ লালচে, কিনারা মসৃণ এবং আগা সূচালো। মে-জুন মাসে লম্বা পুষ্পবিন্যাসে ফুল বিন্যস্ত থাকে। একই গাছে পুংফুল ও স্ত্রীফুল ধরে। এদের ফল নাট ধরনের,ফলের বহিরাবরণ ৪-৬টি ঢেউ খেলানো রিং দ্বারা বেষ্টিত। জুলাই-আগস্ট মাসে পরিপক্ক ফল কমলা-বাদামি বর্ণের হয়। প্রতি ফলে ১টি করে বীজ থাকে। প্রতি কেজিতে বীজের সংখ্যা ১,০০০-১,৩০০টি। সাধারণ তাপমাত্রায় বীজ বায়ুরোধক পাত্রে ২০-২৫ দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়।
প্রজনন ও বংশবিস্তার:
সাধারণত বনাঞ্চলে বীজ দিয়ে জাত বাটনার চারা জন্মায় ও বংশ বিস্তার হয়। নার্সারিতে সংগৃহীত বীজ পলিব্যাগে বপন করে চারা উৎপাদন করা হয়। চারা গজানো বা বীজের অঙ্কুরোদগমের হার শতকরা প্রায় ৪০-৫০ ভাগ। চারা গজাতে সময় লাগে ৯০-১২০দিন।
ভৌগোলিক বিস্তৃতি:
বাংলাদেশ, ভারত, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস ও দক্ষিণ চীন
বাংলাদেশে বিস্তৃতি ও প্রাপ্তিস্থান:
চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বনাঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মানো জাত বাটনার কদাচিৎ গাছ বিক্ষিপ্তভাবে দেখা যায়।
গুরুত্ব ও ব্যবহার:
কাঠ হালকা বর্ণের, বেশ শক্ত, মজবুত এবং টেকসই। গৃহ নির্মাণ ও আসবাবপত্র তৈরিতে কাঠ ব্যবহৃত হয়।
সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপ:
আরণ্যক ফাউন্ডেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে কালা বাটনার চারা লাগিয়ে সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ করেছে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১৭টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন এবং পোখরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।