ছোট কুকুরচিতা উষ্ণমণ্ডলীয় অঞ্চলের গুল্ম

ছোট কুকুরচিতা

বৈজ্ঞানিক নাম:  Litsea lancifolia (Roxb. ex Nees) Hook. f., Fl. Brit. Ind. 5: 159 (1886). সমনাম: Tetranthera lancifolia Roxb. ex Nees (1831). ইংরেজি নাম: Lanceleaf Litsea. স্থানীয় নাম: ছোট কুকুরচিতা।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants উপরাজ্য: Tracheobionta – Vascular plants অধিবিভাগ: Spermatophyta – Seed plants বিভাগ: Angiosperms বর্গ: Laurales পরিবার: Lauraceae গণ: Litsea প্রজাতি: Litsea lancifolia.

ভূমিকা: ছোট কুকুরচিতা (বৈজ্ঞানিক নাম: Litsea lancifolia) হচ্ছে বাংলাদেশের ভেষজ বীরুৎ। এটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলে জন্মায়। বনাঞ্চলের পরিবেশ এদের জন্য উপযুক্ত।

ছোট কুকুরচিতা-এর বিবরণ :

এটি গুল্ম অথবা ক্ষুদ্র বৃক্ষ আকৃতির হয়। উচ্চতায় প্রায় ৮ মিটার পর্যন্ত হয়। কচি অংশ উলের ন্যায় নরম লোমযুক্ত। কাণ্ড গাঢ় বাদামি। পত্র প্রতিমুখ, প্রায় প্রতিমুখ বা একান্তর, ৭-১৫ × ২-৫ সেমি, সরুভাবে আয়তাকার, শীর্ষ দীর্ঘাগ্র, গোড়া সূক্ষ্মাগ্র বা কীলকাকার, পাতলাভাবে কাগজতুল্য, নিম্নপৃষ্ঠ চকচকে, মধ্যশিরা সূক্ষ্মভাবে উলের ন্যায় কোমল লোমযুক্ত, পার্শ্বশিরা মধ্যশিরার প্রতিপার্শ্বে ৬-৮টি, উপরিভাগে ছাপযুক্ত, নিম্নপৃষ্ঠে সুষ্পষ্ট, পত্রবৃন্ত ০.৫-১.০ সেমি লম্বা।

পুষ্পমঞ্জরী আম্বেলের গুচ্ছে বিন্যস্ত, আঁড়াআড়িভাবে ০.৩ সেমি, পুষ্পবৃত্তিকা ০.৮ সেমি লম্বা। পুষ্প সাদা, আঁড়াআড়িভাবে ০.৩ সেমি। বৃত্যংশ বেশ অসমান, অতিরোমশ। পুংকেশর প্রায় ৬টি, অসমান, সাধারণত বৃত্যংশ অপেক্ষা খাটো। গর্ভশয় অধিগর্ভ, গর্ভদণ্ড সুস্পষ্ট। ফল উপগোলকাকার অথবা উপবৃত্তীয়-আয়তাকার, ১.০-১.৫ সেমি লম্বা এবং প্রায় ১.২ সেমি চওড়া, ক্ষুদ্র চ্যাপ্টা পুষ্পপুট নলে আংশিক বক্র ও নমনীয়।

ক্রোমোসোম সংখ্যা : ২০ = ২৪ (Kumar and Subramaniam, 1986) ।

আবাসস্থল:

ঘন চিরহরিৎ অরণ্য। ফুল ও ফল ধারণ সময়কাল ফেব্রুয়ারি থেকে জুন মাস। বীজ থেকে চারা জন্মায়।

বিস্তৃতি :

উষ্ণমণ্ডলীয় পূর্ব হিমালয় অঞ্চল, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল ও দক্ষিণ চীন। বাংলাদেশে ইহা চট্টগ্রাম (Prain, 1903) এবং সিলেট (Hooker, 1886) জেলায় বিস্তৃত।

অর্থনৈতিক ব্যবহার:

কাঠ জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়। রাঙ্গামাটিতে ডায়রিয়ার নিরাময়ের জন্য চাকমারা ঘন ঘন উষ্ণ মূলের নির্যাস গ্রহণ করেন।

অন্যান্য তথ্য:

বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের  ৮ম খণ্ডে (আগস্ট ২০১০) ছোট কুকুরচিতা প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, আবাসস্থল ধ্বংসের কারনে বাংলাদেশে এটি সংকটাপন্ন হিসেবে বিবেচিত। বাংলাদেশে ছোট কুকুরচিতা সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটির বর্তমানে সংরক্ষণের প্রয়োজন নেই। 

তথ্যসূত্র:

১. এম কে মিয়া (আগস্ট ২০১০) “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। খন্ড ৮, পৃষ্ঠা ৩৫৬-৫৭। আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি flowersofindia.net থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Saroj Kasaju

Leave a Comment

error: Content is protected !!