এটিকে বাংলায় যোয়ান, জোয়ান; হিন্দীতে অজোয়ান এবং সংস্কৃতে যমানী বলে। এর বোটানিক্যাল নাম Trachyspermum ammi (L.)Sp., ফ্যামিলী Umbelli.. ferae, পূর্বে এটির নাম ছিল Carum Copticum (L.) Cl..[১]
বিবরণ:
জোয়ান বা যোয়ান ভারত বাংলাদেশের সর্বত্র কম-বেশি এই ক্ষুপজাতীয় গাছটির চাষ হয়ে থাকে। গাছটি সাধারণতঃ ২ বা ৩ ফুট পর্যন্ত উচুতে ওঠে। গাছগুলি দেখতে প্রায় ধনে গাছের মতো, সাদা রঙের ফলগুলি ছত্রাকারে হয়। কার্তিক-অগ্রহায়ণ মাসে যোয়ানের দানা মাঠে ছড়ানো হয়, পৌষ-মাঘ নাগাদ ফল ও তৎপরে ফল হয়, বাংলাদেশের জনসাধারণের কাছে এর বেশি বিশেষ পরিচিতির কোন প্রয়োজন নাই।
জোয়ান বা যোয়ানের ইতিহাস:
পাশ্চাত্যমতে এটি সম্ভবতঃ ১৫৪৯ খৃষ্টাব্দ নাগাত মিশর থেকে ইউরোপে এসেছিল এবং ১৬৯৩ খৃষ্টাব্দে (সম্ভবতঃ) লণ্ডনে প্রথম ঔষধার্থে ব্যবহৃত হয়েছিল। এ তথ্যটি পরিবেশিত হয়েছে Economic Products of India (watts) গ্রন্থখানিতে। এই যোয়ান আয়ুর্বেদে বহুকাল ধরে ব্যবহত হয়ে আসছে, সেই বেদের যুগ থেকে।
জোয়ান বা যোয়ানের গুণাগুণ:
জোয়ান বা যোয়ান (Trachyspermum ammi) খাবারকে সহজে হজম করায়। ঘরোয়া ওষুধের মধ্যে যোয়ানের ব্যবহার আমাদের দেশে প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। যোয়ান খাবার হজম করায়, রুচি উৎপন্ন করে, তীক্ষ্ণ, গরম, হালকা খিদে বাড়িয়ে দেয়, তেতো আর পিত্ত উৎপন্ন করে। শুক্র শূল, বায়ু, কফ, পেটের গ্যাস, গুল্ম, লিভারের অসুখ ও কৃমির প্রকোপ কমিয়ে দেয়। সেই সঙ্গে বাত নাশক, উদ্বিগ্নতা দূর করে, শূলের ব্যথা কমায়, কফ, জ্বর, কৃমি নাশ করে, দুর্গন্ধ দূর করে। বদহজম, পেটের অসুখ, আমাশয় আর সর্দি সারিয়ে দেয়। কলেরা রোগে যোয়ানের প্রভাব কম হলেও এই অসুখেও উপকারক। [২]
তথ্যসূত্রঃ
১. আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য: চিরঞ্জীব বনৌষধি খন্ড ৪, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, প্রথম প্রকাশ ১৩৮৩, পৃষ্ঠা, ১-১১।
২. সাধনা মুখোপাধ্যায়: সুস্থ থাকতে খাওয়া দাওয়ায় শাকসবজি মশলাপাতি, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, নতুন সংস্করণ ২০০৯-২০১০, ২২০-২২৩।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে”, “ফুলকির জন্য অপেক্ষা”। যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ” এবং যুগ্মভাবে রচিত বই “নেত্রকোণা জেলা চরিতকোষ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।